
পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। রোববার দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাওয়ার প্লেতে রানের স্রোতে বাঁধ দেন টাইগার পেসার। শেষদিকে আরেকটি খরুচে ওভার করে দেখা পাননি উইকেটের। একই রাতে লাহোর কালান্দার্সের হয়ে গোল্ডেন ডাক মেরে আউট হন সাকিব। বল হাতেও তেমন কিছু করতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
যদিও গুজরাটের বিপক্ষে উইকেট নিতে পারেনি কেউই। বরং দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ৩ ওভারে রান দেন ২৪। হজম করেন ৩টি বাউন্ডারি, ডট দেন ৫টি। দ্য ফিজ ছাড়া ওভারপ্রতি ৮ এর বেশি রান দিয়েছেন বাকি সবাই। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে দিল্লি পুঁজি গড়ে ১৯৯ রানের। রানা তাড়ায় নেমে প্রথম তিন ওভারেই ৪৩ রান তুলে ফেলে গুজরাট। প্রতিপক্ষের তান্ডব কমাতে পরের ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারে মোটে ৬ রান দেন টাইগার পেসার। নিজের পরের দুই ওভারে তিনি খরচ করেন ১৮ রান। মোস্তাফিজের সঙ্গে দিল্লির হয়ে ইনিংসে ৫ বল ডট দিতে পারেন কেবল অক্ষর। তবে সাই সুদর্শন আর গুজরাট অধিনায়ক শুবমান গিলের ওপেনিং জুটি ভাঙতে পারেননি কেউই। ৬১ বলে ব্যক্তিগত ১০৮ ও ৫৩ বলে ব্যক্তিগত ৯৩ রানে অপরাজিত থাকেন সুদর্শন আর গিল।
একই দিনে পাকিস্তানে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। ব্যাট হাতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। বল হাতেও দেখা পাননি উইকেটের। রাওয়ালপিন্ডিতে রোববার বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৯ সংগ্রহ করে লাহোর কালান্দার্স। জবাবে ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি পেশোয়ার জালমি। দেশসেরা অলরাউন্ডার সাকিব ব্যাটিংয়ে আসেন সাত নম্বরে। পরে বোলিংয়ে এসে ২ ওভারে হাত ঘুরিয়ে ১৮ রান দেন এই বাঁহাতি স্পিনার।
