
হার দিয়ে সিরিজ শুরুর পর টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকটাই। পঞ্চম ম্যাচে আবার হেরে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার খেলা হয়েছে সাকুল্যে ৩৯.১ ওভার। তা থেকে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ১৮৮ রান।
ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের যুবারা সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে ফেলে তাঁরা। তবে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী। কালাম ফেরেন ৪৫ বলে ৩১ রান করে।
এরপর আজিজুল-রিজান হোসেন জুটি থেকে আসে ১০৮ রান। সেঞ্চুরির পথে ছুটছিলেন আজিজুল। তবে সেঞ্চুরি পাননি। তিন অঙ্ক ছোঁয়ার ৬ রান দূরে থাকতে ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হয়ে যান অধিনায়ক।
বৃষ্টি হানা দেওয়ার সময় ৬৪ বলে ৪৮ রানে ব্যাট করছিলেন রিজান, ৯ বলে ৫ রানে মোহাম্মদ আব্দুল্লাহ।
সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক জাওয়াদ। দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৪ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশেরই আল ফাহাদ।
