
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫,
খবর ৫২ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ছাড়া বিকল্প নেই।
তিনি বলেন, যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী একক ক্ষমতা পাওয়ার সুযোগ পায়, তখনই তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। ক্ষমতা চিরস্থায়ী করতে তারা সংবিধানকে নিজেদের মতো করে সংশোধন করে। এই অবস্থা থেকে দেশ, ইসলাম ও মানবতাকে রক্ষা করতে পিআর পদ্ধতিই এখন জনগণের একমাত্র ভরসা।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, ওলামা মাশায়েখ আইম্ম পরিষদের জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম কাসেমী, শ্রমিকনেতা মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহকারী মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য। এখন প্রয়োজন রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি এবং একটি কার্যকর নির্বাচন, যা পিআর পদ্ধতির মাধ্যমে সম্ভব। তিনি বলেন, মানুষ আর জিঘাংসা, প্রতিহিংসা, চাঁদাবাজি এবং মানুষ হত্যার রাজনীতিতে ফিরে যেতে চায় না।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, গত ৫ আগস্ট খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা বুঝতেও পারেননি যে তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তিনি চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে সতর্ক করে বলেন, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এখন ঐক্যবদ্ধ এবং তারা এই চক্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।
