ফের আল-আকসা মসজিদে অবৈধ ইহুদি সেটলারদের হানা

আন্তর্জাতিক

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও হানা দিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।

ইসরাইলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা মসজিদের আঙিনায় প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন ইহুদী আচার-অনুষ্ঠান পালন করে। উল্লেখ্য, আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে, ইহুদিরা বিশ্বাস করে যে এই প্রাঙ্গণেই প্রাচীনকালে তাদের বাইবেলীয় মন্দিরগুলো অবস্থিত ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সামরিক বাহিনীর পাহাড়ায় বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে আল-আকসা মসজিদে প্রবেশ করছে। আইন অনুযায়ী ইহুদিদের সেখানে প্রার্থনা করার অনুমতি নেই, তবুও প্রায়শই এমন ঘটনা ঘটছে।

২০২৪ সালে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির কয়েক হাজার মানুষের একটি বিশাল দল নিয়ে এই মসজিদে প্রবেশ করেছিলেন। সে সময় তিনি আরও দাবি করেছিলেন যে, সুযোগ পেলে তিনি এই প্রাঙ্গণে একটি ইহুদি সিনাগগ (উপাসনালয়) নির্মাণ করবেন। সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *