‘পুরুষরাই কেরিয়ার করবে, স্ত্রীরা সন্তানের দেখভাল করবে’

বিনোদন

দিন কয়েক আগেই মেয়ে আথিয়া শেট্টির সন্তান জন্ম দেয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এবার তার মুখে শোনা গেলো লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য। সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, “বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের ধৈর্যই নেই। বিয়ের কিছু দিন বাদে জীবনে একটু আপোসের দরকার হয়। যেখানে পারস্পারিক বোঝাপড়া থাকে। একে-অপরের জন্য বাঁচে। এর পর জীবনে সন্তান আসে। আর স্ত্রীদের এটা বোঝা ভীষণ প্রয়োজন যে স্বামী যদি কেরিয়ার নিয়ে, কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে সন্তানকে আমি সামলাব। হ্যাঁ, স্বামীরাও অবশ্যই সন্তানের দেখভালের অংশীদার হবে। তবে বর্তমানে সব বিষয়ে এত প্রেশার চলে এসেছে…।’ সুনীল আরও বলেন, ‘এখনকার সময়ে সবাই পরামর্শ দেয়। কিন্তু বাস্তব দুনিয়া শেখায় কীভাবে মা হতে হয়, কীভাবে বাবা হতে হয়, কী খেতে হয়, কী করতে হয়। আমার মনে হয় ঠাকুমা, মা, বোন বা শ্বশুর-শাশুড়ির মতো অভিজ্ঞতা থেকে শেখা ভালো। কিন্তু এখন অনেক কিছুই বদলে গেছে। এখন মানুষের বিয়ে হতে না হতেই ডিভোর্স হয়ে যায়।’ ১৯৯১ সালে মানা শেট্টিকে বিয়ে করেন সুনীল। সুনীল এবং মানা সবসময় একে অপরকে সমর্থন করেছেন। সুনীল একবার জানিয়েছিলেন, মানা তার সম্প্রদায়ের  না হওয়ায় অভিনেতার বাবা-মা এই বিয়ের বিরোধিতা করেছিলেন। সুনীল আরও প্রকাশ করেছিলেন যে তিনি যখন তাঁর প্রথম ছবিতে স্বাক্ষর করেন, তখন তিনি মানাকে বিয়ে করেন কারণ মানা সর্বদা তার পক্ষে ছিলেন। অনেকে সুনীলকে তখনি বিয়ে না করার কথা বলেছিলেন কারণ এটি ফ্যান ফলোয়িংয়ের উপর প্রভাব ফেলবে, কিন্তু সুনীল কারও কথা না শুনে বিয়ে করেছিলেন। আজ বলিউডের অন্যতম সফলতম দম্পতি জুটি তারা। যদিও সুনীলের সাম্প্রতিক  মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে বিয়ে টিকিয়ে রাখা কিংবা সুখী দাম্পত্যের দায়িত্ব কি শুধুই মেয়েদের?  

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *