
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশ ঘিরে হামলার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনে এ তদন্ত কমিশন গঠন করা হয়।
কমিশন তিন সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করবে।
