পিতার পর পুত্র, রাজনীতির ময়দানে ইমরানের দুই উত্তরসূরী

আন্তর্জাতিক

বাবার পাশে দাঁড়ালেন দুই ছেলে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জন্ম হয়েছিল ইমরান খানের হাত ধরে। প্রতিষ্ঠাতাই এই মুহূর্তে কারাবন্দি। সম্প্রতি, একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন। পাকিস্তানে ফিরেই তারা দলের আন্দোলনে যোগ দেবেন। পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির কাছে এই তথ্য জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান।

৯ জুলাই বুধবার জেলবন্দি ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিমা। তারপর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। আদিয়ালা কারাগারের বাইরে দাঁড়িয়ে আলিমা খান জানান, কোনওরকম আলোচনা হচ্ছে না। সমস্ত আলোচনার সম্ভাবনার কথা জেল থেকেই উড়িয়েছেন ইমরান খান। বরং এক পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করেছেন। এর চূড়ান্ত পর্যায় ঘোষিত হবে ৫ অগস্ট। ২০২৩ সালের ৫ অগস্টই কারাব্বন্দি হয়েছিলেন ইমরান।

আলিমা খান সামা টিভিকে বলেন, ‘ইমরান খান অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, জনগণকে প্রস্তুত থাকতে হবে শক্তিশালী প্রতিবাদের জন্য। তিনি আরও বলেছেন যে যারা এই আন্দোলনের ভার বহনে অপারগ, তাদের দল ছেড়ে এখনই চলে যাওয়া উচিত।’

তারপরেই অত্যন্ত স্পষ্ট ভাষায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘ইমরান খানের ছেলে কাসিম ও সুলাইমান মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়ই জানিয়ে গিয়েছেন তারা ফিরে এসে আন্দোলনে যোগ দেবেন। একসময় আমরা তাদের বাধা দিয়েছিলাম। কিন্তু এখন তারা মনে করছেন না যে এই বিষয়ে বাবার অনুমতির দরকার রয়েছে। ইমরানের ছেলেরা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পুরো পরিবার পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে ঐক্যবদ্ধ এবং প্রতিবাদ আন্দোলনে সম্পূর্ণরূপে অংশ নেবে।‘

আলিমা খান শেষে বলেন, প্রতিবাদের অংশ সবাইকেই হতে হবে। কারণ এটা শুধু রাজনীতির বিষয় নয়, পুরো পাকিস্তানের ভবিষ্যতের বিষয়। প্রসঙ্গত, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে স্ত্রী বুশরা বিবিকে। আল কাদির ট্রাস্টে ১৬ হাজার কোটি টাকার দুর্নীতি করে সপত্নী ইমরান দোষী সাব্যস্ত হন। জানা গিয়েছেন তাকে একটি নিভৃত কুঠুরির ভেতর রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *