১৩ বছর পর সিরিয়ায় দূতাবাস চালু করল মরক্কো

আন্তর্জাতিক

১৩ বছর পর আবারও সিরিয়ায় দূতাবাস চালু করল মরক্কো। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করে বলে, গত রোববার থেকেই দামেস্কে মরক্কোর দূতাবাস আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। খবর মিডল ইস্টি মনিটরের। 

বর্তমানে আগের ঠিকানাতেই দূতাবাস চালু হয়েছে, তবে ভবিষ্যতে একটি নতুন ভবনে স্থানান্তরের প্রস্তুতি চলছে, যা মরক্কো-সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠভাবে প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়।

২০২৪ সালের শেষ দিকে, প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার নেতা বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির যুগের অবসান ঘটে।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়, যার নেতৃত্বে আছেন নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ। এই প্রশাসনের অধীনে সিরিয়া এখন আন্তর্জাতিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে।

২০২৫ সালের মে মাসেই মরক্কো সরকার সিরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকরা বলছেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে মরক্কোর কূটনৈতিক কৌশলেরই অংশ।

দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকলেও, নতুন প্রশাসনের অধীনে সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং মরক্কোর আগ্রহ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *