খবর ৫২ ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ শনিবার পালিত হচ্ছে। এ দিনটি ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রবিউল আউয়াল মাসের ১২ তারিখের এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।
দিবসটি উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গত শুক্রবার থেকে ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। রাজধানীসহ সারাদেশে আজ অনুষ্ঠিত হবে জশনে জুলুস, শোভাযাত্রা, ওয়াজ মাহফিল ও দোয়া।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাণী দিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, “নবী করিম (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর সুন্নাহ অনুসরণেই নিহিত রয়েছে মুসলিম উম্মাহর সফলতা।”
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, “মহানবী (সা.)-এর শিক্ষা ও জীবনচরিত ধর্মীয় ও বাস্তব জীবনে আমাদের জন্য অনুসরণীয়। তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য অনুপম দৃষ্টান্ত।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাণীতে বলেন, “রাসুল (সা.)-এর আবির্ভাব বিশ্ববাসীকে অন্যায় ও অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছে। তিনি আজও আমাদের জন্য পথপ্রদর্শক।”
দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বড় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কঠোর নিরাপত্তাকরা হয়েছে।
গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ওয়াজ ও মিলাদ মাহফিল, সেমিনার, হামদ-নাত প্রতিযোগিতা, ইসলামী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দেশের সকল জেলা ও বিভাগীয় কার্যালয়েও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালন করা হবে। দেশের সকল দৈনিক পত্রিকা অফিস বন্ধ থাকায় আগামীকাল রোববার কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।
