নেপালের বিপক্ষে হামজাকে পাবে তো বাংলাদেশ?

খেলা

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ওই দুই ম্যাচে খেলবেন না কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। তাই ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

কাঠমান্ডুর দুই ম্যাচের জন্য বুধবার ক্যাম্প শুরু হয়েছে। আপাতত পাঁচজন আছেন ক্যাম্পে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আজ এবং কিংসের খেলোয়াড়দের শুক্রবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। ২৪ সদস্যের হবে প্রাথমিক দল।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘শমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক দলে রাখা হয়নি। তবে হামজা চৌধুরী তালিকায় রয়েছে।’ 

শমিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দুটি ম্যাচ রয়েছে। সেসময় বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।

সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে ম্যানেজার বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছে। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *