বাগবিতণ্ডার মধ্যে বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে টান দক্ষিণ আফ্রিকা বোলারের

খেলা

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের চারদিনের টেস্ট ম্যাচের দ্বিতীয়টি শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনের খেলা চলাকালীন হঠাৎ দুই দলের দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটার রিপন মন্ডলের হেলমেট ধরে টান দেন দক্ষিণ আফ্রিকার বোলার এনতুলি। পরে কয়েকজন ফিল্ডার ও আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাটি বাংলাদেশ দলের ইনিংসের ১০৪তম ওভারের। এনতুলির প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন। এরপরই এগিয়ে গিয়ে রিপনকে ধাক্কা দেন এনতুলি। বাংলাদেশি পেসার রিপন তাকে বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এই বাগবিতণ্ডার এক পর্যায়ে তার হেলমেট ধরে টান দেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। উদীয়মান ক্রিকেটারদের মধ্যে এহেন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। দেশের একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। এখনই তাই কী হবে বলা যাচ্ছে না।’

ম্যাচটিতে প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা না থাকলেও এ ঘটনায় শাস্তির সম্মুখীন হতে পারেন ক্রিকেটাররা। এটি সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কী শাস্তি দেয়া হবে অথবা কীভাবে সেটি কার্যকর করা হবে তা বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান শাহেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *