নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রচ্ছদ শিরোনাম

৮ অক্টোবর, ২০২৫

ঢাকা: জনগণের মধ্যে নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও কমছে।” তিনি আরও যোগ করেন, “যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এগুলো একসময় পুরোপুরি কমে যাবে। জনগণ যখন নির্বাচনী আমেজে চলে আসবে, তখন অপরাধ কমে আসবে।”

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সংখ্যাটা আগে থেকে একটু কমেছে। কিছুদিন আগে নরসিংদীতে পুলিশের ওপর হামলার একটা ঘটনা ঘটেছে। তবে এটাও ধীরে ধীরে কমে আসবে।”

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য সবচেয়ে বেশি কাজ করতে হয় নির্বাচন কমিশনের। তবে ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো কিছুই সেটি আটকাতে পারবে না।”

তিনি আরও বলেন, “জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। জনগণ নির্বাচন নিয়ে খুবই সচেতন। যত দিন যাবে, এ নিয়ে আলোচনাও তত বেশি হবে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, সেদিকে সবার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে পুলিশকে ২০টি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের যত গাড়ি দরকার, সে তুলনায় কম আছে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা ২০০ গাড়ি কিনতে পেরেছি। এ বছর আরও কিছু গাড়ি কেনা হবে।”

উপদেষ্টা আরও জানান, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনও ভাড়া করা ভবনে চলছে। এর মধ্যে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানার কাজ শিগগির শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *