
ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা মা হতে চলেছেন। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তানের আগমনের খবরে দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা।
তবে শোনা যায়, দেশের চিকিৎসকরা নাকি স্বাগতাকে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু স্বাগতা চান নরমাল ডেলিভারি। আর সে জন্য থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, দুই মাস ধরেই সেখানে অবস্থান করছেন তিনি। তার কথায়,‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও আমাকে বাংলাদেশের অনেক ডাক্তার বলেছে, তুমি ভুল করছ। তবুও আমি শেষদিন পর্যন্ত চেষ্টা করে যাবো যেন নরমাল ডেলিভারিতে আমার সন্তান পৃথিবীতে আসে।’
স্বাগতা বলেন,‘আমি শুরু থেকেই নরমাল ডেলিভারির ব্যাপারে সচেতন। কারণ, সিজারিয়ান অপারেশনের পর অনেক মায়েদের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। প্রথমে যে হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানে তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতাল বদল করেছি। এখন নতুন চিকিৎসকের অধীনে আছি এবং আশাবাদী।’
২০২৩ সালের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জিনাত সানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি। বিয়ের আগে তাদের লিভ-টুগেদারের খবরে ওঠে সমালোচনার ঝড়। এরপর গত ফেব্রুয়ারি মাসে মা হওয়ার খবর জানান স্বাগতা।
