
নাটোরে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশাযোগে বনপাড়ায় যাওয়ার সময় বাহিমালি এলাকায় একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।
