টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফুদ্দিন

খেলা

নাঈম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ফিরিয়ে এনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।

২০১৯ সালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হওয়ার ইঙ্গিত দিলেও  ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাঈম।

দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে গত তিন বছর  দারুণ ছন্দে ছিলেন নাঈম। দলে ফেরার জন্য সম্প্রতি নাঈমকে আক্রমণাত্মক এবং স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। যা সঠিকভাবে পালন করেছেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডে দলেও ফিরেছেন নাঈম। কিন্তু প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।

নাঈম তিন বছর পর ফিরলেও সাইফুদ্দিন দলে ফিরেছেন এক বছর পর।  ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।

ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তারা।

খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে  হাফ-সেঞ্চুরির কোন ইনিংস খেলতে পারেননি তিনি।

বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও।

এ বছর ইতোমধ্যে দু’টি সিরিজ খেলে দু’টিতেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের স্বাদ পায় টাইগাররা।

ওয়ানডে শেষে আগামী ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৩ এবং ১৬ জুলাই।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাইফুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *