জামায়াতই দেশ চালাচ্ছে, তাদের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে: ফজলুর রহমান

বাংলাদেশ

ঢাকা: সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য সাময়িক পদ স্থগিত হওয়া সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল। তিনি আরও অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের রাতের যোগাযোগ আছে এবং প্র্যাক্টিক্যালি জামায়াতই দেশ চালাচ্ছে। ঢাকা প্রেস নামের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসের অধীনে নির্বাচন নিয়ে সন্দেহ

ফজলুর রহমান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না।’ তার মতে, ড. ইউনূস কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। তিনি বলেন, এনসিপি ড. ইউনূসের নিজের দল, আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে।

জামায়াত কেন দেশ চালাচ্ছে?

ফজলুর রহমান তার এই দাবির পেছনে যুক্তি দিয়ে বলেন, ‘সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে। ইসলামী ব্যাংকসহ সমস্ত অর্থনীতি তারা দখল করেছে। শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে। তাদের প্রভাবে এসপি-ডিসি থেকে শুরু করে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে।’ তিনি মনে করেন, বিএনপি যত দ্রুত এই বিষয়টি উপলব্ধি করবে, ততই মঙ্গল।

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের নিন্দা

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে তার (লতিফ সিদ্দিকী) অবদান অপরিসীম। ৮৭ বছর বয়সে তাকে আটক করা অপমানজনক।’ তিনি এই কাজ যারা করেছে তাদের ‘অকাল’ বা ‘অপরিণামদর্শী’ আখ্যা দেন এবং বলেন তাদের পেছনে এমন একটি ‘কালো শক্তি’ আছে যারা দেশ দখল করে ফেলছে। তিনি বিএনপিকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দেশ স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বন্দি

ফজলুর রহমান আরও বলেন, ‘আমি যে সব সময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এই দেশটা স্বাধীনতাবিরোধী শক্তির হাতে এখন বন্দি।’ তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণার আহ্বান জানান এবং সতর্ক করেন যে এই দেশে মুক্ত চিন্তার কথা বলা যাবে কিনা, তা নিয়ে তিনি শঙ্কিত।

বিএনপিতে নিজের অবস্থান

বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি। কাজেই এইটা বিএনপি, আমি আছি বিএনপিতে।’ তিনি মনে করেন, লতিফ সিদ্দিকীসহ আটককৃতদের ব্যাপারে বিএনপির নিন্দা প্রকাশ করা উচিত এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *