ঘোষিত সময়ে নির্বাচনই একমাত্র পথ, বিকল্প নেই: মির্জা ফখরুল

প্রচ্ছদ বাংলাদেশ শিরোনাম

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বাড়বে। তিনি আরও বলেন, দেশের ভেতরেই শুধু নয়, বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের সতর্কবার্তা বিএনপির মহাসচিব দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি। সামনে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে।’ তিনি বলেন, জনগণের কাছে পৌঁছাতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে।

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন, ‘আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।’ বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও তিনি মনে করেন। তার মতে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ।

বিএনপি সংস্কারের পক্ষে বিএনপি মহাসচিব মনে করিয়ে দেন, তাদের দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

মিথ্যা প্রচারণার অভিযোগ কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’ তিনি বলেন, ‘কেউ যেন এমন সুযোগ না পায় যে বিএনপিকে খারাপ বলতে পারে।’

দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *