চিকিৎসা শেষে ফের কারাগারে দীপু মনি

বাংলাদেশ রাজনীতি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে (৬১) প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ফের তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ।

এর আগে আজ সোমবার ভোরের দিকে দীপু মনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার রাত থেকে তিনি অসুস্থ বোধ করলে আজ ভোরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে পাঠানো হলে তাকে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। বেলা একটার দিকে তিনি কারাগারে পৌঁছান।’

উল্লেখ্য, ডা. দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *