চলচ্চিত্রের টিজারে জয়া-চঞ্চলের সমালোচনা

বিনোদন

সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা তানিম নূর পরিচালিত  সিনেমা ‘উৎসব’-এর টিজার। সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী জয়া আহসানের রীতিমতো সমালোচনা করা করা হয়েছে!
কি খটকা লাগছে? চলুন জেনে নেই বিস্তারিত….

গত ২৯ মে সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘উৎসব’ সিনেমার টিজার। প্রথমত, সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের নিয়ে যাবে উৎসবের আমেজে। সঙ্গে আছে চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিমের মজার মজার সংলাপ।
সেখানে দেখা যায়, চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি সংলাপে বলছে, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সবজায়গায় এই লোকটা কমন।’ মূলত তিনি চরিত্র হয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এমন মন্তব্য করেছেন টিজারে। অন্যদিকে, জাহিদ হাসান চরিত্র জয়াকে জিজ্ঞেস করেন, তার অভিনেত্রী জয়া আহসানের অভিনয় ভালো লাগে কিনা। এর উত্তরে জয়া চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘ওর কোনও গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?’
জাহিদ হাসান এরপর অপি করিমকে জিজ্ঞেস করেন, ‘আপনি অপি করিম না?’ এর জবাবে অপি চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কয়েকবছর অভিনয় করিনাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?’

মূলত, নিজেদের সমসাময়িক বাস্তবতাকে চরিত্র তিনটির সংলাপে নিয়ে আসাটাকে আত্মোপলব্ধির চেষ্টা বলে মনে হতে পারে দর্শকদের। সেইসাথে টিজারটি দারুণ উপভোগ করবেন দর্শক। এ প্রসঙ্গে তানিম নূর জানান, কেউ যদি সত্যি এমন মনে করে থাকেন, তবে তিনি স্বার্থক। কারণ ঈদ মানে যেমন আনন্দ, তেমন নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে পরিশুদ্ধ হওয়ারও বিষয়।
এই নির্মাতা বলেন, ‘ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি সেজন্যই সিনেমাটি নির্মাণ করা। আর ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেয়ার বিষয়। আমাদের সিনেমাতেই তেমন বার্তাই রয়েছে।’
টিজারের একদম শেষে চঞ্চলের সেই বিখ্যাত হাসি আর ডায়লগ শোনা যায়-‘কি, ভয় পাইসো?’ সেই হাসি শুনে জাহিদ হাসান বলেন, ‘ধ্যাত, পাইসে একই জিনিস!’ তখন চঞ্চল অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’

এখানে জাহিদ হাসানের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে ‘আজ রবিবার’ নাটকের  দর্শকদের। নির্মাতা জানান, এমন আরও কিছু সংলাপ ‘উৎসব’ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে তার ফেলে আসা সময়ে। এছাড়া, টিজারে পাওয়া গেছে সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মানের সুন্দর কিছু মুহূর্ত।

তানিম নূর আরও জানান, চরিত্রগুলোর লুক এবং তাদের কিছু দৃশ্য দর্শকদের সামনে হাজির করা হলো। সিনেমার গানসহ আরও কিছু প্রকাশ পাবে শীঘ্রই।
বলা প্রয়োজন, ঈদের সিনেমা মানেই এখন যেন ধুন্ধুমার অ্যাকশন আর ডায়লগবাজি অথবা থ্রিলার। গত কয়েক বছরে ঈদে বাজিমাত করা  সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই মনে হতে পারে। সেসব থেকে বেরিয়ে হাস্যরস পরিবার এবং সম্পর্কের সিনেমা ‘উৎসব’ হয়ে উঠতে পারে সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। এমনকি ‘উৎসব’ সিনেমার ট্যাগ লাইনেও  ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ-পরিবার ছাড়া দেখা নিষেধ’।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ’উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি।
‘উৎসব’ এর আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে ‘স্বপ্ন স্কোয়ারক্রো’ ও ‘পথ প্রোডাকশনস’।

প্রসঙ্গত, সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমাটির কাহিনিকার তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
উল্লেখ্য, ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *