কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুর ১.৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা বলেন, তার বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার হার্টে দুবার রিং পরানো হয়েছিল। গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। গত ২৩ এপ্রিল তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার কিছুটা  উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজ বাসভবনে আনা হয়। পরে আবার অসুস্থ হলে ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার কিডনি, হৃদ্‌যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গেছে বলে চিকিৎসক জানিয়েছিলেন।

কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *