
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ৪৬৯ দশমিক ৪৮ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পদসমূহ গাজীপুর ও কক্সবাজার জেলার আওতাধীন ৬টি উপজেলার মধ্যে রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজীপুরের ২টি উপজেলায় ১৩ দশমিক চার চার একর জমি জব্দ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮ দশমিক ৫৮ একর ও শ্রীপুর উপজেলায় ৪ দশমিক ৮৬ একর জমি রয়েছে। আর কক্সবাজারের ৪টি উপজেলায় ৪৫৬ দশমিক শূন্য চার সাত পাঁচ একর। এর মধ্যে পেকুয়া উপজেলায় ২৭২ দশমিক ৬৮ একর, মহেশখালী উপজেলায় ১৮০ দশমিক ২৮ একর, সদর উপজেলায় ২ দশমিক ১২ একর, চকরিয়া উপজেলায় দশমিক ৯৬৭৫ একর।
দুদকের পক্ষে উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক এসব সম্পত্তি জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়Ñ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। আত্মসাতের টাকা নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পদসমূহ অন্যত্র হাস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তাদের সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হয়ে পরবে। সেজন্য মোহাম্মদ সাইফুল আলমের স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন।
