
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগারগাঁয়ের নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে ইসি। গতকাল মঙ্গলবার ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম ডিএমপি পুলিশ কমিশনারকে এ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় এ ভবনের নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে। এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদারের ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছে ইসি।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। নির্বাচন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভার কার্যপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আসন সংখ্যা আগের মতো ৩০০টিই থাকছে। আগামীকাল বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ৩১ বিভাগ বা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। তারা হলেন, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। এছাড়াও আরও উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সচিব (রুটিন দায়িত্ব), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, ডাক অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ঢাকার প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদফতর, কারা মহাপরিদর্শক।
