এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর : নুর

প্রচ্ছদ রাজনীতি শিরোনাম

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জোট–সমীকরণ ও অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। এর মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদে যাবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে বিএনপির অবস্থানের ওপর।

রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুরুল হক নুর এই মন্তব্য করেন। তিনি বলেন, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে। “তারা এমপি হবেন কি না বা সংসদে যাবেন কি না, সেটা ডিপেন্ড করবে বিএনপির ওপরে। কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তীর্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়,”—যোগ করেন তিনি।

নুর আরও বলেন, “একদিকে তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যান, ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন। আবার অন্যদিকে গণমাধ্যমে গিয়ে ফাঁকা আওয়াজ তোলেন—এটা খুব বিভ্রান্তিকর এক পরিস্থিতি।” তিনি মনে করেন, এমন অবস্থায় এনসিপি ও বিএনপির মধ্যে রাজনৈতিক বিশ্বাস তৈরি করা কঠিন হয়ে দাঁড়াবে।

জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর ব্যাখ্যা দিয়ে বলেন, “প্রকৃত অর্থে কোনো নির্বাচনী জোটের বিষয়ে আমাদের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। মাঝেমধ্যে আমরা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে সংস্কার কমিশনের বিষয় নিয়ে বসতাম, আলাপ করতাম। সেখানে আলোচনার মূল উদ্দেশ্য ছিল—বিএনপির সঙ্গে কীভাবে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায়। কারণ, বিএনপি এখানে বড় স্টেকহোল্ডার।”

তিনি আরও বলেন, “আমার ধারনা, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরে। একই সঙ্গে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এটা শুধু আমার মত নয়, প্রায় সব দলেরই ধারণা একই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *