
দেশের শোবিজে সবচেয়ে আলোচিত তিন মুখ শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী। কাজ ও ব্যক্তিজীবন দুই জায়গাতেই তারা থাকেন আলোচনায়। এটা সবারই জানা এই তিনজনকে কোনো বিষয়েই একমত হতে দেখা যায় না। যে কোনো বিষয়ে তারা ভিন্নমত পোষণ করেন। তবে এবারই প্রথম তারা এক হলেন! না কোনো সিনেমা বা কাজে নয়। তারা তিনজন এক হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ে।
স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।
নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’
এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’
