এক সিনেমার ১২৭ দৃশ্য বাদ দিতে বলল সেন্সর বোর্ড

বিনোদন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী এবং অভিনেতা দিলজিত দোসাঞ্জ অভিনীত ‘পাঞ্জাব ৯৫’ সিনেমা নিয়ে অদ্ভুত এক বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেওয়ার পর তারা এর ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি নামও পালটে ফেলার কথা বলছে তারা।

বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নির্মাতা হানি ত্রেহান। তার মতে, ভারতের সেন্সর বোর্ডকে যারা উদার মনে করেন, তাদের ভুল ভাঙানোর জন্য এই একটি উদাহরণই যথেষ্ট।

পাঞ্জাব ৯৫ তৈরি হয়েছে মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরাকে নিয়ে। পাঞ্জাবের হাজার হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা সবার সামনে তুলে ধরেছিলেন তিনি। শুরু থেকেই বারবার রাজনৈতিক বিরোধিতার শিকার হয়েছে সিনেমাটি। এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব ৯৫। তবে বারবার সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির ভবিষ্যৎ।

পাঞ্জাব ৯৫ সিনেমার দৃশ্য অভিনেতা দিলজিত দোসাঞ্জ। ছবি: আরএসভিপি

সিনেমাটির নাম প্রথমে হওয়ার কথা ছিল ‘ঘালুঘারা’। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদলে রাখা হয় পাঞ্জাব ৯৫। এবার এ নামেও আপত্তি তাদের। নাম পরিবর্তনসহ ১২৭টি সংশোধনী দেওয়া হয়েছে। এটা না করলে পাবে না মুক্তির অনুমতি।

ক্ষোভ প্রকাশ করে নির্মাতা হানি ত্রেহান বলেছেন, এতগুলো দৃশ্য বাদ দিলে তো সিনেমার আসল বিষয়টাই বাদ পড়ে যায়! তার অভিযোগ, সিবিএফসি জানিয়েছে, সিনেমার নাম থেকে পাঞ্জাব শব্দটি সরাতে হবে। এছাড়া, সিনেমায় ব্যবহৃত ‘পাঞ্জাব পুলিশ’ বলার ওপরেও আপত্তি জানিয়ে শুধু ‘পুলিশ’ লেখার কথা বলা হয়েছে। বাদ দিতে বলা হয়েছে ইন্দিরা গান্ধীর নাম।

নির্মাতা হানি ত্রেহান প্রশ্ন তুলেছেন, ‘সিনেমার গল্পই পাঞ্জাবের, তাহলে নাম থেকে পাঞ্জাব কীভাবে সরাব? এ সিনেমা মুক্তি দেওয়ার জন্য আড়াই বছর ধরে অপেক্ষা করছি। যদি আমরা আমাদের কথা শিল্পের মাধ্যমে বলতে না পারি, তাহলে গণতন্ত্রের মানে কী?’

সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জসবন্ত সিং খালরার স্ত্রী পরমজিৎ কৌর খালরা। তিনি বলেছেন, সিনেমাটি পরিবারের অনুমতি নিয়ে তৈরি হয়েছে, এতে কোনো ভুল নেই। তাই সিনেমাটি কোনো কাটছাঁট ছাড়াই মুক্তি দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *