বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

বিনোদন

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানালেও এবার প্রথমবারের মতো একটি নতুন বিজ্ঞাপনে স্পষ্টভাবে ধরা পড়েছে তার বেবি বাম্প। ভিডিওটি প্রকাশের পর থেকেই তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রথম সন্তান জন্মের সময়ের মতো এবারও মাতৃত্বের কারণে কাজ থেকে দীর্ঘ বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থাতেই তিনি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা *কিং*-এর শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি বিলাসবহুল হোটেল চেইনের বিজ্ঞাপনে অংশ নেন তিনি, যেখানে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী।

ভিডিওতে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দীপিকার উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই তাকে ‘সুপারমম’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, মাতৃত্বের সময়েও তিনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আবার অনেকে তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসেরও প্রশংসা করেছেন।

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয় এপ্রিলে। তবে প্রথমদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দীপিকা কিংবা তার স্বামী অভিনেতা রণবীর সিং। পরে সব জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। দুটি ‘ইভিল আই’ ইমোজিসহ দেওয়া ক্যাপশনের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

দীপিকার ঘোষণার পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানান এই তারকা দম্পতিকে। অভিনেত্রী ভূমি পেডনেকার অভিনন্দন বার্তা দেন, আর সামান্থা রুথ প্রভু ভালোবাসার প্রতীক হিসেবে একাধিক হার্ট ইমোজি শেয়ার করেন।

২০১৮ সালে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। এখন পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *