
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে বিরল দুটি কীর্তি গড়েছেন মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়িয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে দুই হাজার রানের সঙ্গে ২০০ উইকেটের ডাবলও পেরিয়েছেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।
সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মিরাজ। সাকিবের এই কীর্তি আছে দুবার। সব মিলিয়ে টেস্টে ইতিহাসে এমন কীর্তি নেওয়ার ঘটনা ৩৯টি।
এই দিনই টেস্টে দুই হাজার রানের সঙ্গে ২০০ উইকেটের ডাবলও পূরণ করেন মিরাজ। বাংলাদেশের হয়ে যে কীর্তি আছে আর কেবল সাকিবের। সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ, মিরাজের লাগল ৫৩ ম্যাচ। তার মানে এই ডাবলে দেশের হয়ে মিরাজই এখন দ্রুততম।
সব মিলিয়ে ২৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে দুই হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের কীর্তি গড়লেন মিরাজ।
ব্যাট হাতে মিরাজ করেন ১০৪ রান। আর বল হাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভারে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ।
ম্যাচে জয়ের জন্য তখন বাংলাদেশের লাগে ১ উইকেট, জিম্বাবুয়ের ইনিংস হার এড়াতে দরকার ১১৭ রান।
