খবর ৫২ নিউজ
আপডেট: ২৬ আগস্ট ২০২৫

বাংলাদেশে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে সরকার বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী দেবেন। এই দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া, ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানার প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনকে ক্বিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মারক প্রকাশ এবং সেমিনার আয়োজনের নির্দেশনাও রয়েছে।
১২ রবিউল আউয়াল থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য গণমাধ্যমকে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারের অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত এবং কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য হামদ-নাত, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা আয়োজন করবে। দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, শিশু সদন, বৃদ্ধ নিবাস এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিশনগুলোতেও ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথভাবে উদযাপিত হবে।
