
অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করছি। আবারও বলছি ছাদের ওপর কোন যাত্রী উঠবে না আর জানালা দিয়ে কোন লোক ঢুকবে না এটা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদপূর্ব যাত্রী সেবা পরিদর্শনে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা এসেছি আমাদের একটা দায়বদ্ধতা থেকে। আমাদেরই ভাই-বোনেরা গ্রামে যাবেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন। এই যাত্রাটা যাতে কষ্টের না হয় সেজন্য আমরা চেষ্টা করছি।
এখন ঈদ যাত্রা মানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটা জিনিস হলো ট্রেনটা সময়মতো ছেড়ে যাওয়া। আমি খোঁজ নিলাম সবগুলো ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে।
আমরা সাইয়বাদে দেখছি যে দুইটা জায়গায় বেশি ভাড়া আদায় করা হয়েছে। পরে আমরা দুইটা জায়গায় যাত্রীদের অতিরিক্ত আদায়ের অর্থ ফেরত দেওয়া হয়েছে। যেটাতে বেশি অনিয়ম করা হয়েছে ‘লাল সবুজ পরিবহন’ সেটায় ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যেহেতু এটা আমাদের সবার সরকার সেতো আমরা রেলওয়ে বিভাগ বা সড়ক বিভাগ এভাবে আলাদা আলাদা হিসেবে কাজ করি না। আমরা এখন সরকার হিসেবে কাজ করি। এছাড়া সরকারের বাইরেও যারা বেসরকারি খাতের পরিবহন মালিক শ্রমিক সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সঙ্গে আমরা একযোগে কাজ করছি। যাতে করে সবার ঈদ যাত্রাটা ভালো হয়। আনন্দের হয় এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং অতিরিক্ত অর্থ দিতে না হয় সেই জন্য কাজ করছি।
ঈদ যাত্রা স্বস্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শতভাগ স্বস্তিতো বলা যাবে না কিন্তু আমরা বলব যাত্রীদের কাছ থেকে বড় কোন দরনের অভিযোগ পাইনি।
ট্রেন বৃদ্ধির বিষয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন আমাদের লোকোমোটিভ সংকট আছে। এ সত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়িয়েছি। ৪৪ টি অতিরিক্ত কোচ এবং ঈদ উপলক্ষে ৫ টা স্পেশাল ট্রেন দেয়া হয়েছে। আমরা আশা করছি আরও নতুন কোচ আসবে সেগুলো আসলেই আমরা আরো ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো।
