
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। রোববার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন।
এ সময় দলটির সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের দীর্ঘদিনের সংগ্রামে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে।’ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকায় তিনি দলটিকে কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এর আগে গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে সেদিন অনুষ্ঠানে গেলেও সনদে স্বাক্ষর করেনি গণফোরাম। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বামপন্থী দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি।
