ইয়াঙ্গুনে পৌঁছে হালকা অনুশীলনে আফিদারা

খেলা

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে এখন মিয়ানমারে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে রওনা হয়ে গতকাল দুপুরে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছান আফিদা খন্দকার-মনিকা চাকমারা। স্থানীয় সময় দুপুর ১টায় ইয়াঙ্গুনের নভোটেল ইয়াঙ্গুন ম্যাক্স হোটেলে পৌঁছে বিকাল সাড়ে ৩টায় জিম সেশনে অংশ নেয় ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের দল। হোটেলের জিম সেশনে হালকা স্ট্রেচিংয়ে অংশ নেন রূপনা চাকমা-মারিয়া মান্দারা। এই সেশনটি ছিল রিফ্রেশমেন্ট ও শারীরিক পুনরুদ্ধারের অংশ, যা ঢাকা থেকে ব্যাংকক হয়ে ইয়াঙ্গুন পর্যন্ত দীর্ঘ যাত্রার পর খুবই প্রয়োজনীয় ছিল। বাংলাদেশ দলের সকল সদস্য সুস্থ আছেন। ফুরফরে মেজাজে বর্তমানে তারা বিশ্রাম নিচ্ছেন। ইয়াঙ্গুনের আবহাওয়া বাংলাদেশের মতোই বৃষ্টিভেজা, যা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করছে। খেলোয়াড়েরা মনোযোগী এবং আসন্ন ম্যাচগুলোর জন্য প্রস্তুতি শুরু করতে বেশ আগ্রহী ও উদ্দীপ্ত। ইয়াঙ্গুনেই এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ খেলবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ থাকছে বাহরাইন, স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ জুলাই খলবে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবেন আফিদা খন্দকাররা।
গ্রুপে বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে আছে তুর্কমেনিস্তন। তাদের অবস্থান ১৪১তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার রয়েছে ৫৫তম স্থানে। বাছাই শেষে গ্রুপের সেরা দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *