আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না

প্রচ্ছদ রাজনীতি

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার নিশ্চিত না করলে বিএনপি সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না।

আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই নতুন সরকার গঠিত হওয়ার পরে গত চার মাসে আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখিনি। কোনো নতুন তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয়নি। এটা স্পষ্ট যে, যেই চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি, উভয়ই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। আওয়ামী লীগ আমলে হওয়া সব গণহত্যার বিচার না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে। কারণ, আওয়ামী লীগের শিকড় রয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে এটি একটি ভারতীয় পার্টিই ছিল।

তিনি বলেন, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সুশীল সমাজকে মিডিয়ায় স্পেস দিচ্ছেন। এই সবকিছুই বাংলাদেশের জনগণ দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *