১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

আন্তর্জাতিক শিরোনাম

২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর পরিশোধ করেছেন করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।  তিনিই প্রথম ব্রিটিশ রাজা যিনি নিজের কর পরিশোধের তথ্য প্রকাশ্যে আনলেন।

এই পরিমাণ কর পরিশোধের ফলে রাজা চার্লস যুক্তরাজ্যের সর্বোচ্চ ১০০ করদাতার একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

বার্ষিক রাজকীয় আর্থিক প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড আয়কর ও মূলধনী মুনাফা কর পরিশোধ করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রাজা চার্লস ও রানি ক্যামিলা সংস্কারকাজ শেষ হওয়ার পরও বাকিংহাম প্যালেসে উঠবেন না। তারা আগের মতোই ক্লারেন্স হাউসেই থাকবেন। 

এ ছাড়া রাজপরিবারের প্রধান সরকারি অর্থায়ন সোভরেন গ্রান্ট ২০২৭-২৮ অর্থবছরে প্রায় ১০ কোটি পাউন্ডে উন্নীত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড এবং প্রিন্স উইলিয়াম ৮৩ লাখ ৪০ হাজার পাউন্ড কর পরিশোধ করেছিলেন।

রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামের কার্যালয় জানিয়েছে, নিজেদের কর পরিশোধের তথ্য প্রকাশ করা ছিল তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বাকিংহাম প্যালেসের ভাষ্য, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো রাজপরিবারের আর্থিক জবাবদিহি সম্পর্কে জনসাধারণের মধ্যে আরও স্বচ্ছতা ও সচেতনতা তৈরি করা।

২০২২ সালে রাজা চার্লস সিংহাসনে বসার পর থেকে তিনি এবং প্রিন্স উইলিয়াম মিলিয়ে যুক্তরাজ্যের রাজস্ব বিভাগে ৫ কোটি পাউন্ডের বেশি কর পরিশোধ করেছেন।

তবে নতুন প্রকাশিত তথ্যে করের মোট পরিমাণ জানানো হলেও, কীভাবে এই করের হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

করনীতি বিশেষজ্ঞ এবং ট্যাক্স পলিসি অ্যাসোসিয়েটস–এর প্রতিষ্ঠাতা ড্যান নেডল বলেন, এই তথ্য প্রকাশ ‘খুবই অস্পষ্ট’। তার মতে, এতে বোঝা যাচ্ছে না কত টাকা আয়কর, কতটা মূলধনী মুনাফা কর কিংবা কর নির্ধারণের আগে কী কী ব্যয় বাদ দেওয়া হয়েছে।

রাজা চার্লস প্রতি বছর ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট থেকে ব্যক্তিগত আয় পান। এই এস্টেটের আয় রাজাধিরাজের সরকারি ও ব্যক্তিগত ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *