
ভারত এবার পাকিস্তানে হামলা চালাচ্ছে ইসরায়েলের তৈরি বিশেষ এক মনুষ্যবিহীন ড্রোন দ্বারা। চালকবিহীন এই ড্রোনের নাম হারোপ যা ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের এমবিটি মিসাইল বিভাগের তৈরিকৃত। ২০০১ সাল থেকে এই ড্রোন তৈরি করে আসছে ইসরায়েল। এবার উচ্চমূল্যের এই হারোপ ড্রোন কমপক্ষে ২৫টি ভূপাতিত করেছে পাকিস্তান। এরপরই আলোচনায় ইসরায়েলের তৈরি বিশেষ এই ড্রোন। কি আছে ইসরায়েলের তৈরি এই হারোপ ড্রোনে?
মনুষ্যবিহীন ড্রোন হারোপ অত্যন্ত উচ্চগতি সম্পন্ন এবং এটি একটি আত্মঘাতি ড্রোন। এর পাশাপাশি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতেও পটু এটি। হারোপ দীর্ঘসময় ধরে গুপ্তচরের মতো নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরা করতে থাকে তার লক্ষ্যবস্তু না পাওয়া পর্যন্ত । লক্ষ্যবস্তু পেলে আঘাত হেনে নিজেকে বিস্ফোরিত করে এটি। উচ্চমাত্রার সেন্সরের সাথে এটি ৯ ঘন্টা পর্যন্ত উড়তে পারে এবং ১ হাজার কিলোমিটারের বেশি পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারে। এটি মূলত কম্পিউটারাইজড সেন্সরের মাধ্যমে পরিচালিত হয়।
হারোপ এর দৈর্ঘ্য ২.৫ মিটার আর এর পাখার বিস্তার হয়ে থাকে ৩ মিটার পর্যন্ত। প্রতিঘন্টায় ৪০০ কিমি এর বেশী বেগে এটি ছুটতে সক্ষম। এর ওজন ১৩৫ কেজি হয়ে থাকে। হারোপ ড্রোনটি ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছিল। এই ড্রোনটি প্রথম ২০০৯ সালে ইন্ডিয়ান এয়ার শোতে প্রকাশ্যে প্রদর্শিত হয়েছিল। একই বছর, ভারতীয় সেনাবাহিনী ১০টি হারোপ ড্রোন পাওয়ার জন্য ১২৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। যদিও এই চুক্তির বিশদ প্রকাশ করা হয়নি। তবে এই চুক্তি অনুযায়ী দেখা যায় প্রতিটি হারোপ ড্রোনের জন্য ভারতকে গুনতে হয়েছে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় ১৫০ কোটি টাকারও বেশি। সর্বশেষ তথ্যমতে ৬৪টি হারোপ ড্রোন রয়েছে ভারতের কাছে।
ভারত আর ইসরায়েল ছাড়াও হারোপ ড্রোন বর্তমানে ব্যবহার করছে বিশ্বের বেশ কিছু দেশ। তবে, এবার এই ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বেশ বড়সড় ক্ষতির মুখেই পড়লো ভারত। কারণ, পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডন এর প্রতিবেদন অনুযায়ী হারোপ ড্রোন দিয়ে ভারত পাকিস্তানে হামলা চালালে পাকিস্তানী বাহিনী ভারতের ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।
ফ্রান্সের তৈরি ৩টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পর এবার উচ্চমূল্যের এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে পাকিস্তানী সেনারা যেনো আবারো তাদের সক্ষমতার প্রমাণ দিলো।
