
পাকিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছে। ১২০ জন যাত্রীকে জিম্মি করা হয়েছে। সেইসঙ্গে ছয়জন সামরিক কর্মীকে হত্যার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দলটি সতর্ক করে দিয়েছে যে, তাদের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান হলে সমস্ত জিম্মিকে হত্যা করা হবে। এক বিবৃতিতে, বিএলএ জানিয়েছে যে তাদের যোদ্ধারা মাশকাফ, ধাদার, বোলানে পূর্ব পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। দলটি জানিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা রেলপথ উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সমস্ত যাত্রীদের জিম্মি করে’।
কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএলএ ঘোষণা করে, ‘যদি সামরিক বাহিনী কোনও অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণরূপে সামরিক বাহিনীর উপর বর্তাবে।’
বিএলএ জানিয়েছে যে তাদের বিশেষায়িত ইউনিট- মাজিদ ব্রিগেড, এসটিওএস এবং ফতেহ স্কোয়াড-এই আক্রমণটি চালিয়েছে এবং যেকোনো সামরিক হস্তক্ষেপের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে বিএলএ জানিয়েছে, ‘এখনও পর্যন্ত ছয়জন সামরিক কর্মী নিহত হয়েছেন এবং শত শত যাত্রী বিএলএ’র হেফাজতে রয়েছেন।’ বেলুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালুচ পুনর্ব্যক্ত করেছেন যে, এই অভিযানের দায় তাদের দল সম্পূর্ণভাবে গ্রহণ করছে।
সূত্র : টাইমস নাও নিউজ
