স্থগিত বিপিএল ম্যাচের সময় জানাল বিসিবি

খেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া বিপিএলের দুটি ম্যাচের সময় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে বুধবার সিলেটের একই মাঠে। একই টিকেট দিয়ে দেখা যাবে ম্যাচ দুটি।

নিজেদের ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে এদিনের নির্ধারিত বিপিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো বাতিল করা হয়।

মঙ্গলবার বেলা একটায় দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। এখন প্রথম ম্যাচটি শুরু হবে বুধবার বেলা তিনটায় ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

বিপিএলের সূচিতে বুধবার কোনো ম্যাচ ছিল না। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *