
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তৃতীয় জয় পেলো বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আজ শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে ২২৫ রান করার পর শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে দেয় আজিজুল হাকিম তামিমের দল। এই জয়ে সেমিফাইনালে আরেক গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল-সবুজ দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার। মাত্র ৩৬ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ৪৯ রানের ইনিংসে শুরুর চাপ সামলে ওঠে বাংলাদেশ। তবে দুর্ভাগ্যজনকভাবে ফিফটি মিস করেন এই ব্যাটার। এরপর রিফাত বেগ (৪৮ বলে ৩৬), অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৪৮ বলে ২৯) এবং কালাম সিদ্দিকির দায়িত্বশীল ব্যাটিংয়ে (৬০ বলে ৩২) বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ। শেষ দিকে ফরিদ হাসান তন্ময়ের ৪০ বলে ২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২২৫ রানের সংগ্রহ পায় জুনিয়র টাইগাররা।
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার দিমান্থা মহাবিথানা ৪৯ বল খেলে মাত্র ১৩ রান করে সামিউন বাসিরের বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে লঙ্কানরা। আরেক ওপেনার ভিরান চামুদিথাও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি, ইকবাল হোসেন ইমনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কিথমা উইথানাপাথিরানা শূন্য এবং কাভিজা গামাগে ৯ রানে ফিরলে লঙ্কানদের টপ অর্ডার ধসে পড়ে। অধিনায়ক বিমাথ দিনসারা (১৭) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। মিডল অর্ডারে চামিকা হিনাটিগালা (৪১) এবং শেষ দিকে আদহাম হিলমির ৩৯ রানের (৩৮ বলে) ঝড়ো ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
