সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করব: মারিয়া মিম

বিনোদন

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই আয়োজনে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ৬ জন মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে। অভিযোগের তালিকায় রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা এবং আলিশা।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। পাল্টা অভিযোগ করে তিনি জানান, ওই আইনজীবী ভাইরাল হতেই এমন কাজ করেছেন। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মিম।

মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।’  

আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মিম বলেন, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’

সবশেষে মিম দাবি করেন, , ‘সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।’ 

এই ঘটনায় বিনোদন অঙ্গন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *