সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু

প্রচ্ছদ শিরোনাম

খবর৫২.কম, ঢাকা
তারিখ: ১৮ ডিসেম্বর, ২০২৫
বিশেষ প্রতিবেদক: বদরুল হক

গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে করা গুলি সরাসরি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন।

অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৬ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও আজ রাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছিল। গতকাল উপদেষ্টা পরিষদের সভায়ও তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন ঊর্ধ্বতন কূটনীতিক তাঁর চিকিৎসা তদারকিতে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তাঁর এই মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

খবর৫২.কম-এ প্রকাশিত সকল খবর পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *