
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং এটি বর্তমান বিশ্বের কঠিন বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, ঘনঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা দেশের জনজীবন, কৃষি, জীববৈচিত্র্য ও অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।
রাষ্ট্রপতি আরও বলেন, জলবায়ু ও পরিবেশ সংকট মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাত, গবেষক, শিক্ষাবিদ, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, পরিবেশবান্ধব জীবনযাপন এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
মো. সাহাবুদ্দিন পরিবেশ দূষণ রোধ, প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
বাণীর শেষে রাষ্ট্রপতি বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
