
টানা অষ্টম বারেরমত বিশ্বকাপের মুলপর্বে জায়গা করে নিলো জাপান। জিতলেই চুড়ান্ত পর্ব নিশ্চিত হবে এমন পরিস্থিতিতে ঘরের মাঠে বাহরাইনের বিপক্ষে মাঠে নামে জাপানিজরা। গতকাল সাইতামায় বিশ্বকাপ ২০২৬ এর এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেলো পূর্ব এশিয়ার দেশটি। আগামী বছরের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিন স্বাগতিকের সঙ্গে সেখানে জায়গা নিশ্চিত করল জাপান। এই নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে তারা। বাছাইয়ে তিন ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকেট পেল জাপান। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে এশিয়ার অন্যতম ফুটবল শক্তি। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া ।বাছাইপর্বের তৃতীয় ধাপে দলগুলো তিনটি গ্রুপে লড়ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। আর গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়া ছয়টি দল চতুর্থ রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দলও জায়গা পাবে বিশ্বকাপে। আর গ্রুপ দুটির রানার্সআপ দল পঞ্চম রাউন্ডে লড়বে হোম-অ্যাওয়ে প্লে-অফে এরপর বিজয়ী দল খেলবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে।
