ফ্যাসিস্ট শেখ হাসিনার আইনজীবী চরম মিথ্যাচার ঃ মাওলানা জুনায়েদ আল হাবীব

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারিক কার্যক্রম চলাকালে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবী ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর রাতের অন্ধকারে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিষয়ে চরম মিথ্যাচার করে বলেছেন, ৫ মে রাতে কোন গণহত্যা হয়নি বরং রাষ্ট্রিয় সম্পদ নষ্ট করার অপরাধে সরকার শুধু প্রতিহত করেছে। আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল আল্লাহর রাসূল (সা.) এর ইজ্জত রক্ষা ও বাংলাদেশের গণমানুষের ঈমান রক্ষার শান্তিপূর্ণ আন্দোলন। সেদিন আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) আহ্বানে ধর্মপ্রাণ মুসলমান তাদের সাথে জায়নামাজ এবং তসবিহ নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যেই দানবীয় কায়দায় নিরস্ত্র অসহায়, নামাজরত, জিকিররত ও মোনাজাতরত মুসল্লিদের উপর গণহত্যা চালিয়েছিল, ইতিহাসে তার কোনো নজির নেই।
সেদিন অসংখ্য লাশ গুম করা হয়েছে, অসংখ্য মৃতদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছে যার সঠিক সংখ্যা এখনো তদন্তাধীন রয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীব আরও বলেন, সেদিন ৫ মে দিনের বেলায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, বায়তুল মোকাররমে কুরআন পুড়িয়েছিল। কিন্তু তখন ফ্যাসিস্ট হাসিনা সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার করে এই সকল অপরাধের দায়ভার হেফাজতের নেতা কর্মীদের উপর চাপানোর অপচেষ্টা করেছিল। এত কিছু ঘটে যাওয়ার পরেও আজকে যখন ফ্যাসিস্ট হাসিনার পক্ষে শাপলার গণহত্যা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন আমরা বর্তমান বিচারব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নে বর্তমান সরকারের সদিচ্ছা কতটুকু তা নিয়েও সন্দিহান।
গুম-খুনের সাথে জড়িত সেনাসদস্যদের এসি প্রিজন ভ্যানে করে আদালতে উপস্থিত করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছর সমাজের সর্বাধিক সম্মানিত ব্যক্তি নিরপরাধ আলেম-উলামায়ে কেরামকে যেই অমানবিক কায়দায় আদালতে উঠানো হয়েছিল তা সকলেই দেখেছে, অথচ যারা বিগত সময়ে দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে দলীয় এজেন্ডা বাস্তবায়নে জনগণের দিকে বুলেট ছুড়েছে, গুম করেছে, খুন করেছে, সে সকল সেনাসদস্যদের আজকে এসি প্রিজন ভ্যানে জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে। আমরা মনে করি, সঠিক নিরপেক্ষ বিচার বাস্তবায়নে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ প্রমাণিত হয়েছে।
হেফাজত নেতা আরও বলেন, অনতিবিলম্বে ওই আইনজীবীকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করে হাসিনাসহ সকল আসামির সাথে তাকেও অপরাধী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা করা হোক, অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে।
