রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে Criminal Investigation Department (CID)। সংস্থাটি বলেছে, মামলাটির তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সংস্থার কোনো কর্মকর্তা গণমাধ্যমকে সরবরাহ করেননি।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যগুলোকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সিআইডি আরও জানায়, বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *