
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির চেয়ে নিজেকে ‘দেখতে অনেক বেশি সুদর্শন’ বলে বর্ণনা করেছেন।
সিবিএস সিক্সটি মিনিটস সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিছু লোক মামদানিকে ট্রাম্পের ‘বামপন্থী সংস্করণ’ বলে মনে করে। এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া কী? তখন ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, আমি দেখতে অনেক বেশি সুদর্শন।’
মামদানির রাজনৈতিক পরিচয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘সমাজতন্ত্রী নন, কমিউনিস্ট। সমাজতন্ত্রীর চেয়ে অনেক খারাপ।’
মামদানি ও ট্রাম্পের বাগযুদ্ধ এই প্রথম নয়। গত জুলাই মাসে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলেছিলেন। ট্রাম্প তখন ‘মেক নিউইয়র্ক সিটি গ্রেট এগেইন’ প্রচার চালিয়েছেন। সে সময় ট্রাম্প বলেন, তিনি মামদানিকে শহরটি ‘ধ্বংস’ করতে দেবেন না। কারণ তাকে থামাতে ‘সব নিয়ন্ত্রণ আমার হাতে রয়েছে।’
মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। নির্বাচিত হলে শহরের প্রথম মুসলিম মেয়র হবেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট যদি নিউইয়র্কে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট কার্যক্রম বন্ধ করার জন্য তাঁকে গ্রেপ্তারের হুমকি দেন, তবে তিনি ভয় পাবেন না।
মামদানি ওই সময় বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করার, নাগরিকত্ব কেড়ে নেওয়ার, অস্থায়ী বন্দিশালায় রাখার এবং দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছেন। আমি কোনো আইন ভাঙিনি। আমি শুধু সরকারি বাহিনীকে শহরে আতঙ্ক সৃষ্টি করতে দিতে অনিচ্ছার কথা প্রকাশ করেছি।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নিউইয়র্কের মেয়র নির্বাচনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে মনে করা হচ্ছে। গত ২৪ জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করার পর মামদানি প্রথম সারির প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। সেখানে তিনি র্যাঙ্কড-চয়েস ভোটিংয়ের অধীনে প্রথম পর্বের ভোটের প্রায় ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছিলেন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুওমো। নির্বাচন নিয়ে পরিচালিত ৩৬টি জরিপের মধ্যে ৩৩টি জরিপে এগিয়ে মামদানি। বাকি তিনটি জরিপে এগিয়ে কুওমো।
