
প্রাকৃতিক দুর্যোগ আর মানবিক সংকটের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। দেশটির সরকার এবং জাতিসংঘের সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য।
ভয়াবহ খরা, দীর্ঘস্থায়ী সংঘাত এবং আন্তর্জাতিক সাহায্যের অপ্রতুলতায় দেশটির প্রায় ৬৫ লক্ষ মানুষ এখন তীব্র খাদ্য সংকটের মুখে।
মঙ্গলবার প্রকাশিত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (IPC) প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মার্চের শেষ নাগাদ দেশটির বিশাল এই জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকিতে পড়তে যাচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়ে উদ্বেগ সবচাইতে বেশি।
ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১০ লক্ষ ৮৪ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার হবে, যার মধ্যে ৫ লক্ষ শিশুর অবস্থা হবে অত্যন্ত গুরুতর।
বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত সোমালিয়ার কৃষি ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় গবাদি পশু মারা যাচ্ছে এবং বাজারে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।
এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বব্যাপী মানবিক সহায়তার তহবিল হ্রাস। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জর্জ কনওয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, “এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষা মৌসুমেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। জরুরি সহায়তা না পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”
