
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
আজ বুধবার সকালে রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজগুলোর ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্যাকেজ-১ (বিশেষ) সর্বমোট মূল্য: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা (সাত লাখ একানব্বই হাজার ষাট টাকা বাইশ পয়সা), হজ প্যাকেজ-২ (সাধারণ) সর্বমোট মূল্য: ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা (পাঁচ লাখ পচানব্বই হাজার পাঁচশত আশি টাকা আঠাশ পয়সা) এবং হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) সর্বমোট মূল্য: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা (পাঁচ লাখ তের হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা) নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন বলে জানিয়েছেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারের ঘোষিত প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
