বিধ্বস্ত হওয়ার আগে বিপদসংকেত দিয়েছিলেন বিমানের পাইলট

আন্তর্জাতিক

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। 

এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, দুর্ঘটনার আগে বিপদসংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট।

আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে।

বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায় নি।

দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *