
বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। সেই ধারাবহিকতায় আজও শহরটি শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। ১৩৩ বায়ুমান স্কোর নিয়ে শহরটির অবস্থান আজ ষষ্ঠ। বায়ুর এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) সূচক অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, স্কোর ১৬৭।

তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের কলকাতা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৩ ও ১৫৩। এ ছাড়া একই স্কোর ১৫৩ নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
