বরিশাল, ১২ অক্টোবর ২০২৫: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুলের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও সমর্থকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান। বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
