প্রস্তুত জাতীয় ঈদগাহ, নারীদের জন্য আছে পৃথক ব্লক

জাতীয় শিরোনাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে ঈদের নামাজ আদায়ের উপযোগী বিশাল আয়োজনের পাশাপাশি নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের ব্লক ও পৃথক প্রবেশপথ।

বৃহস্পতিবার (৫ জুন) জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, ঈদের দিন শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।প্রশাসক বলেন, নামাজ আদায়কারী মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত, নিরাপত্তা এবং অন্যান্য সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরা।

সেবামূলক ব্যবস্থা হিসেবে ঈদগাহে থাকবে অজুখানা, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, ভিআইপি মুসল্লিদের জন্য নির্ধারিত ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের জন্য থাকছে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *